সোলার প্যানেল স্থাপনে কারিগরি কমিটি গঠনের উদ্যোগ, ২৪ নভেম্বরের মধ্যে স্পেসিফিকেশন জমার নির্দেশঢাকা, ১৮ নভেম্বর ২০২৬: জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের ব্যয় সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের কাজ সম্পন্ন করে বিদ্যুৎ উৎপাদন চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কমিটি।বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় (মূলতবি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।সভায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এতে সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌর প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উৎপাদনক্ষমতা নির্ধারণ, দরপত্র আহ্বান এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।বৈঠকে সরকারি ক্রয়বিধি (পিপিআর) ও সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠনের প্রস্তাব করা হয়। পাশাপাশি কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত বিষয় যাচাই-বাছাইয়ে লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলমকে নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়।সভায় ডিপিডিসিকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে কারিগরি স্পেসিফিকেশন জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।সভায় সিদ্ধান্ত হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে।বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






