নড়াইলের কালিয়া পৌর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা সোহেল মোল্লা (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
আজ এক বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হওয়ার ঘটনায় তিনি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশ থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর মানুষের মধ্যে যে উদ্দীপনা ও জাগরণ সৃষ্টি হয়েছে, তা মেনে নিতে না পেরে ফ্যাসিবাদের দোসররা দেশব্যাপী হত্যাকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোহেল মোল্লাকে প্রাণ দিতে হয়েছে বলে তিনি দাবি করেন।
রিজভী আরও বলেন, বর্তমান বিএনপি সরকার এ ধরনের হত্যাকাণ্ড ও নাশকতা প্রতিরোধে কঠোর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে সোহেল মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রুহুল কবির রিজভী। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তিনি।






