ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন দ্বিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
স্পিকার বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও মুসলিম ভ্রাতৃত্ববোধের বন্ধন রয়েছে। দুই দেশের সম্পর্ক আরও জোরদারে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং সংসদীয় পর্যায়ে দ্বিপাক্ষিক সফর বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে স্পিকার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলের অনেক নেতা-কর্মী কারাবরণ, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের গণতন্ত্রকামী জনগণ ওই শাসনের অবসান ঘটিয়েছে। বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। এবারের সংসদে নারী সংসদ সদস্যরা তুলনামূলকভাবে বেশি প্রশিক্ষিত ও দক্ষ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন রয়েছে। মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশটির সংস্কৃতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় ককাস গঠন, পর্যটনশিল্পের বিকাশ ও সমৃদ্ধি এবং বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
এ সময় স্পিকার মালদ্বীপের হাইকমিশনারকে জাতীয় সংসদের আগামী অধিবেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান।
সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনার, দূতাবাসের কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






