বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া, স্পিকারের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত হয়েছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির যুগোস্লাভিয়া সফর এবং দেশটির তৎকালীন রাষ্ট্রপতি মার্শাল টিটোর আন্তর্জাতিক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পরও এ দেশের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সহজ হয়নি। বিভিন্ন সময়ে সামরিক ও স্বৈরাচারী শাসন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শাসন কায়েম করে জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। গুম, খুন, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা স্থায়ীভাবে কুক্ষিগত করার চেষ্টা করেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা রাজপথে নেমে ওই শাসনের অবসান ঘটায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সর্বাধিক গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলেও উল্লেখ করেন তিনি।
স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বলেন, বাংলাদেশে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে স্লোভেনিয়া সরকার আগ্রহী।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও এর সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
এ সময় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে কাজ করার আমন্ত্রণ জানান স্পিকার।
সাক্ষাতে স্লোভেনিয়ার দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া, স্পিকারের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com