দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক শেষে নেতারা ঘোষণা দিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।
এ ছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন এবং বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের ব্রিফ করেন নেতারা। তাঁরা জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এবং এসব ঘটনায় জনমনে সৃষ্ট আতঙ্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আতঙ্ক সৃষ্টির মাধ্যমে তারা নিজেদের প্রকৃত পরিচয় আবারও বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দলীয় ঐক্য বৈঠকে বসেছে।
তিনি বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও বিতাড়িত আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক অপশক্তিকে প্রতিহত করতে হবে। এ জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দল।
মামুনুল হক আরও বলেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ বা ফাটল তৈরি হলে দেশ দুর্বলতার দিকে এগিয়ে যেতে পারে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছিল ওই ঐক্যের প্রধান ভিত্তি। কিন্তু গণভোটের রায় কার্যকর না করায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাঁরা মনে করেন।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ এবং জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর তাঁরা গুরুত্ব দিচ্ছেন। দলমতের ঊর্ধ্বে উঠে জনগণ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নৈরাজ্যবাদী শক্তি মানুষের জানমালের ক্ষতি করে জাতিকে পরাস্ত করতে পারবে না উল্লেখ করে এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।
নৈরাজ্যবাদীদের হামলায় নিহত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবারের প্রতি এবং অগ্নিসংযোগে বাড়িঘর ও রাস্তায় যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ভুক্তভোগীদের প্রতি ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন মামুনুল হক।
তিনি সরকারের প্রতি কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ করেন। জনগণকে সম্মিলিতভাবে গণপ্রতিরোধ গড়ে তুলে অপশক্তিকে প্রতিহত করার আহ্বানও জানান তিনি।
মামুনুল হক বলেন, “১১ দল রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে, ইনশাআল্লাহ।”
ব্রিফিংয়ে নেতারা বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপ যথাযথ ও দৃশ্যমান ছিল না বলে তাঁদের অভিযোগ। তাঁদের দাবি, সরকারের পদক্ষেপের ঘাটতির সুযোগে ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। একই সঙ্গে সরকারের আচরণ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে, যা অপশক্তির তৎপরতার সুযোগ বাড়িয়েছে।
নেতারা আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং দেশের জনগণ সতর্ক রয়েছে। জীবন দিয়ে হলেও স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার পাশাপাশি দেশপ্রেমের চেতনায় সব ষড়যন্ত্র মোকাবিলা করবে জনগণ। বৈঠকে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য নয়; জনগণের নিরাপত্তা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য।
তাঁদের মতে, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলার ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের নেতারা।






