ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস সেমি-অ্যানুয়াল কনফারেন্স-২০২৬’-এর প্রতিনিধিদের সংসদ ভবন পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, গণতন্ত্রকামী এ দেশের আপামর জনসাধারণ ও ছাত্র-জনতা বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে।
দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে। ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলাদেশ প্রায় ২৪ বছর তৎকালীন পশ্চিম পাকিস্তানের জুলুম ও নিপীড়নের শিকার হয়। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সেই সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। তবে মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হলেও দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে দেশে সামরিক ও স্বৈরাচারী শাসনের সূত্রপাত হয়েছে। এ দেশের জনগণ রাজপথে নেমে নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সংগ্রাম করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, খুন, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) বিশ্বের বিশ্ববিদ্যালয় প্রধানদের একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সমঝোতা, একাডেমিক সহযোগিতা এবং দায়িত্বশীল নেতৃত্বের বিকাশে কাজ করে। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, রেক্টর ও উপাচার্যরা এ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
১৯ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক সম্মেলনে ২৪টি দেশের ৭০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। পাশাপাশি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয় প্রধানরাও এতে প্রতিনিধিত্ব করছেন।
অনুষ্ঠানে আইএইউপির বর্তমান প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেন, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, রেক্টর, শিক্ষাবিদ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






