পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা এনসিপির

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬: পাঁচ দফা দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের ৬৪টি জেলা ও ১৩টি মহানগরে এ কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের (পলিটিক্যাল কাউন্সিল-পিসি) জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে কর্মসূচির সিদ্ধান্ত জানান এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
এনসিপির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।
আখতার হোসেন বলেন, এসব দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪টি জেলা ও ১৩টি মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে দলটির বিচার দাবি করে আসছে। তবে বর্তমানে কতিপয় ব্যক্তির বিচার হচ্ছে এবং সেই বিচারপ্রক্রিয়া ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেন তিনি।
আখতার হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন। তবে সেই ঐক্য কীসের ভিত্তিতে হবে, তা পরিষ্কার করা প্রয়োজন। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী ও প্ল্যাটফর্মের সঙ্গে এনসিপি ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করে।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গোপালগঞ্জে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসন্ত্রাসের জন্যও আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ড. আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত ও আকরাম হোসাইন সিএফ।
এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে রাজনৈতিক পর্ষদের সভায় যুক্ত হন। দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য নুসরাত তাবাসসুমও সভায় উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা এনসিপির

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com