গাংনীতে পৃথক স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, ৩টিতে ‘জয় বাংলা’ লেখা

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১টা থেকে সকাল ৭টার মধ্যে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া ও বলতলা ব্রিজ এলাকা থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যানপাড়ায় মৃত রুহুল কুদ্দুসের ছেলে হজরত আলীর বাড়ির মার্কেটের সামনে লাল টেপে মোড়ানো তিনটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। অন্যদিকে, একই ইউনিয়নের বলতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর থেকে আরও তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা সেগুলো সেখানে রেখে যায়। খবর পেয়ে সকাল আনুমানিক ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে। এসব বস্তুর মধ্যে দুটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।

পৃথক দুটি স্থানে একই ধরনের বোমা সদৃশ বস্তু পড়ে থাকার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার করা বস্তুগুলো প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরি জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গাংনীতে পৃথক স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, ৩টিতে ‘জয় বাংলা’ লেখা

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com