কুড়িগ্রামের মেয়ে রেহেনা আন্তর্জাতিক স্বীকৃতি, ‘আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন


ছোট্ট একটি স্বপ্ন থেকে শুরু হয়েছিল পথচলা। কুড়িগ্রাম স্টেডিয়ামের মাঠে ছোটবেলার অনুশীলন, বড় খেলোয়াড় হওয়ার আকাঙ্ক্ষা আর নানা সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে একসময় জায়গা করে নেন জাতীয় ক্রীড়াঙ্গনে। মাঠে ঘাম ঝরানো, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তিতে গড়ে তোলা সেই দীর্ঘ পথচলার স্বীকৃতি এবার মিলেছে আন্তর্জাতিক পরিসরে। নারী নেতৃত্ব ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য ‘আন্তর্জাতিক নারী পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন কুড়িগ্রামের কৃতী সন্তান সাবেক জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক রেহানা পারভীন।

রাজধানীর রেডিসন ব্লু হোটেলে Arena for Global Engagement (AGE) Limited আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

কুড়িগ্রাম জেলায় জন্ম ও বেড়ে ওঠা রেহানা পারভীনের শৈশব কেটেছে খেলাধুলার প্রতি গভীর ভালোবাসায়। পড়াশোনা করেছেন কুড়িগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় খেলোয়াড় হওয়ার। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত অনুশীলন করতেন কুড়িগ্রাম স্টেডিয়ামে। তবে একজন নারী খেলোয়াড় হিসেবে তাঁর পথচলা সহজ ছিল না। সামাজিক বাধা, প্রতিকূলতা আর নানা সীমাবদ্ধতার মধ্যেও দমে যাননি তিনি।
২০০৬ সালে প্রথম আন্তঃজেলা নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ঢাকা জেলার হয়ে অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অভিষেক ঘটে তাঁর। এরপর ফুটবলের পাশাপাশি কাবাডি ও হ্যান্ডবল খেলায়ও জাতীয় পর্যায়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। তিনটি খেলায় জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা তাঁকে দেশের নারী ক্রীড়াঙ্গনের পরিচিত মুখে পরিণত করে।
খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকে রেহানা পারভীন উপলব্ধি করেছেন, প্রতিভা থাকলেও সুযোগ ও সহযোগিতার অভাবে অনেক মেয়ের স্বপ্ন থেমে যায়। তাই নিজের সাফল্যের পাশাপাশি নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। তাঁর কাছে খেলাধুলা শুধু জয়-পরাজয়ের বিষয় নয়, বরং নারীর আত্মবিশ্বাস, নেতৃত্ব ও নিজের পরিচয় গড়ে তোলার অন্যতম মাধ্যম।

পুরস্কার গ্রহণের পর আবেগাপ্লুত কণ্ঠে রেহানা পারভীন বলেন, এই সম্মান আমার একার নয়, এটা বাংলাদেশের সব নারী খেলোয়াড়ের। শুধু ফুটবল নয়, প্রতিটি খেলায় নারীরা এগিয়ে আসুক, এটাই আমি চাই। আমার এই অর্জন দেখে গ্রামের একটি মেয়েও যেন খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখে।
একসময় কুড়িগ্রাম স্টেডিয়ামের মাঠে যে মেয়েটি বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন, আজ তাঁর অর্জন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পেয়েছে। রেহানা পারভীনের এই সম্মাননা শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং কুড়িগ্রামের ক্রীড়াঙ্গন এবং দেশের নারী খেলোয়াড়দের জন্যও এক অনুপ্রেরণার গল্প। তাঁর পথচলা মনে করিয়ে দেয়, সুযোগ ও দৃঢ় মনোবল পেলে প্রত্যন্ত অঞ্চলের মেয়েরাও নিজেদের যোগ্যতায় জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে পরিচিতি অর্জন করতে পারেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুড়িগ্রামের মেয়ে রেহেনা আন্তর্জাতিক স্বীকৃতি, ‘আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com