নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ


নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগের ঘটনায় বাড়ছে উদ্বেগ। এবার জেলার বারহাট্টা উপজেলার অতিথপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। একই দিনে বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলী এলাকাতেও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরপর এমন ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো একসময় অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে অগ্নিসংযোগ করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরাচ্ছেন। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরও একজন যুবকের উপস্থিতি দেখা যায়। আগুন দেওয়ার পরপরই তাঁদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তা ও পেট্রোল অথবা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়নি।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ছেঁড়া চটের বস্তা ব্যবহার করে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দেওয়া হয়। অতিথপুর স্টেশনটি বর্তমানে বন্ধ থাকলেও এ ঘটনায় রেল যোগাযোগে কোনো বিঘ্ন ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
একই দিনে পাটলী এলাকায়ও আগুন।
অতিথপুর স্টেশনে অগ্নিসংযোগের কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার ভোর রাত্রে দিকে বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলী এলাকার একটি কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও গ্রাম পুলিশের সদস্যদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে রেললাইনের কাঠের স্লিপার কিছুটা কালো হয়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঠাকুরাকোনা রেলস্টেশনের স্টেশন ম্যানেজার আতাউর রহমান রেলওয়ের প্রকৌশল বিভাগের তথ্যের বরাত দিয়ে জানান, আগুনে সামান্য ক্ষতি হলেও ওই পথে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
ধারাবাহিক ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এর আগেও নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রেললাইনে আগুন দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। বারহাট্টার পাটলী এলাকায়ও অগ্নিসংযোগের ঘটনা সামনে এসেছে। ফলে একই জেলায় স্বল্প সময়ের ব্যবধানে রেললাইন ও স্টেশন এলাকায় বারবার আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।
বিশেষ করে রেললাইনের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোয় এ ধরনের ঘটনা ঘটলে যাত্রী ও ট্রেন চলাচলের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। যদিও সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ ঘটনাগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, তবু ধারাবাহিক অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
তদন্ত ও দায়ীদের শনাক্তের দাবি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি দেখা গেলেও তাঁদের পরিচয় ও ঘটনার পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটির সত্যতা, ধারণের সময় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
একই দিনে পাটলী এলাকায় রেললাইনে আগুন এবং রাতে অতিথপুর স্টেশনে অগ্নিসংযোগের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নিয়মিত নজরদারি এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।
তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়েছে কি না, কিংবা তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com