৩৪ বছরের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায়! প্রিয় সুপারকে বিদায় জানাতে কাঁদলেন শিক্ষার্থীরা

দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনের অবসান। যে প্রতিষ্ঠানের আঙিনায় কেটেছে জীবনের দীর্ঘ সময়, যে শিক্ষার্থীদের মানুষ করার দায়িত্ব পালন করেছেন বছরের পর বছর, সেই প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এবার বিদায় নিতে হলো তাঁকে। বিদায়ের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কেউই। শিক্ষার্থীদের চোখের পানি আর সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণে সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী পরিবেশ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্যামপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আখতারুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে মাদ্রাসা চত্বরে পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ইমরুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ ব্যক্তিত্ব মো. মজিবুর রহমান, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আব্দুল হান্নান, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শহিদুল হক, সমাজকর্মী আমানুল হক ওল্টু, মাওলানা ছাদেক আলী, মাওলানা কালিমুল্লাহ, সোহরাব উদ্দিন, হাজী আব্দুল বাতেন ও প্রভাষক আসাদুজ্জামান।

মাদ্রাসার শিক্ষক আহাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক মুসলেম উদ্দিন, আব্দুল ওয়াহেদ এবং শিক্ষার্থীদের মধ্যে মিরাজ আলী, বিনা খাতুন ও সাদিয়া আফরোজসহ অনেকে। বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী সুপার মো. আখতারুজ্জামানের দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনের স্মৃতিচারণ করেন। মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের পাঠদান ও তাঁদের নৈতিক বিকাশে তাঁর অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী সুপার মো. আখতারুজ্জামান। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। শিক্ষার্থীদের শাসন কিংবা সংশোধনের পেছনে তাঁদের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা কাজ করত বলেও তিনি উল্লেখ করেন। বিদায়ের মুহূর্তে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে। প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও আবেগঘন পরিবেশে তাঁকে বিদায় জানান। দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেক শিক্ষার্থীর চোখের পানি যেন থামছিল না। অনুষ্ঠানে বিদায়ী সুপারকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ৩৪ বছরের দায়িত্ব পালন শেষে আনুষ্ঠানিকভাবে কর্মজীবনের ইতি টানলেন মো. আখতারুজ্জামান। তবে তাঁর হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থীর জীবনে শিক্ষা, আদর্শ ও ভালোবাসার স্মৃতি হয়ে বেঁচে থাকবেন তিনি। কর্মজীবনের অবসান হলেও শিক্ষক-শিক্ষার্থীর এই আত্মিক বন্ধন যে কখনো অবসর নেয় না, শ্যামপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা যেন তারই প্রমাণ।

শ্যামপুর ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মোঃ আখতারুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

৩৪ বছরের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায়! প্রিয় সুপারকে বিদায় জানাতে কাঁদলেন শিক্ষার্থীরা

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com