ঐতিহ্যবাহী মাগুরা প্রেসক্লাব-এর উদ্যোগে সংবর্ধিত হলেন মাগুরা জেলার দুটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান-কে ফুলেল শুভেচ্ছা ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। প্রেসক্লাবের সকল সদস্যসহ জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মনোয়ার হোসেন খান মাগুরা প্রেসক্লাবকে ধন্যবাদ জানান। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকতার মাধ্যমে যেন কোনো বিভ্রান্তি বা বিড়ম্বনা সৃষ্টি না হয়। তিনি সদ্য নির্বাচিত সরকারকে সহযোগিতা করার অনুরোধও জানান।
সংস্কৃতি মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “আমার পরিচয় আমি আপনাদের লোক। আমার প্রথম ও শেষ ঠিকানা এই মাগুরা। মাগুরার বাইরে আমরা কেউ নই।” তিনি মাগুরার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অতীতের দুঃশাসন, গুম-খুন ও অস্থিতিশীলতার পরিস্থিতি যেন আর ফিরে না আসে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। স্মৃতিচারণ করে তিনি জানান, একসময় তিনি সাংবাদিকতা করেছেন এবং সাংবাদিকতার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়। নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।
সংস্কৃতি মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের উন্নয়নে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকতার উন্নয়ন বিষয়ে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
অনুষ্ঠান শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অতিথিবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।










