চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দুর্বৃত্তের আঘাতে নিহত এমদাদুলের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেলসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতার নির্দেশনায় তাঁরা নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা জানান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেজাউল করিমের বড় ছেলে মরহুম এমদাদুলের পরিবারের সঙ্গে দেখা করেন ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাকিল, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল রাকিব জীবন, সাংগঠনিক সম্পাদক আলিফ হামজা ও দপ্তর সম্পাদক রসুল এবং হারদী কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো বিপদ-আপদে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
তাঁরা মরহুম এমদাদুলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন।









