উজ্জ্বল কুমার
নওগাঁর ধামইরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চকিলাম বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ২৬৭/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে আরও জানা গেছে, উদ্ধার করা হুইস্কি ধামইরহাট থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।









