ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে রোববার রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আশুলিয়া থানার আউপাড়া এলাকার মৃত সমীর উদ্দিনের মেয়ে ও আবুল কালামের স্ত্রী নিপা আক্তার ঢুলি (৫০), একই এলাকার মৃত লাল চাঁন শেখের ছেলে মো. রফিক (৪৮), সাভার মডেল থানার বলিয়াপুর এলাকার মৃত কাল্লু ওরফে কালু মিয়ার ছেলে মো. জহিরুল ইসলাম ওরফে জাহাঙ্গীর (৩২) এবং খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার মৃত বাদল মৃধার ছেলে মো. ইমরান হোসেন (২২)। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁরা সাভার ও আশুলিয়া এলাকায় বসবাস করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার কলমা এলাকায় অভিযান চালিয়ে নিপা আক্তার ঢুলি ও রফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া সাভার মডেল মসজিদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে জহিরুল ইসলাম ওরফে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
অন্যদিকে, আশুলিয়া থানার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ছয় হাজার টাকা বলে জানিয়েছে ডিবি।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নিপা আক্তার ঢুলির বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।









