শাকিল আহমেদ
চুয়াডাঙ্গায় দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১৫ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
অনুষ্ঠানে জানানো হয়, চুয়াডাঙ্গা সদর উপজেলার চারজন এবং আলমডাঙ্গা উপজেলার ১১ জন উপকারভোগী এ অনুদান পেয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। ভবিষ্যতে এ ধরনের অনুদান পাওয়া গেলে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের মধ্যে তা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামালসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।









