চুয়াডাঙ্গা সুবদিয়া গ্রামের আব্দুর রাজ্জাক কবিরাজ হত্যার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

চুয়াডাঙ্গায় আব্দুর রাজ্জাক কবিরাজ ওরফে রাজাই (৫০) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মূল আসামি রুবেল মিয়া ও সহযোগী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে জেলার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সদর উপজেলার সুবদিয়া গ্রামের আব্দুর সেলিমের ছেলে রুবেল মিয়া (২৩) ও মো. আনিসের ছেলে সোহেল রানা (২০)। এ ঘটনায় ব্যবহৃত ধারালো চাকু, মোটরসাইকেল ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জানান, ভিকটিম আব্দুর রাজ্জাক কবিরাজি করে বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করতেন। আসামি রুবেল মিয়া ও তার স্ত্রী শারীরিক চিকিৎসার জন্য ভিকটিম আব্দুর রাজ্জাকের স্মরণাপন্ন হয়। গত ৩১ মে সন্ধ্যায় ভিকটিম আব্দুর রাজ্জাক জ্বিনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা বলে আসামি রুবেল ও তার স্ত্রীকে সদর থানার হোগলডাঙ্গা গ্রামের নবগঙ্গা ব্রিজের সন্নিকটে পান বরজের কাছে নির্জন জায়গায় নিয়ে যায় এবং আসামিকে সিগারেট আনতে দোকানে পাঠায়। কিছুক্ষণ পরে আসামি রুবেল ফিরে এসে ভিকটিম রাজ্জাক ও তার স্ত্রীকে খুঁজে না পেয়ে আসামির স্ত্রীর মোবাইলে কল দিলে বন্ধ পায়। পরবর্তীতে আসামি বাড়িতে এসে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তার স্ত্রী কান্নাকাটির একপর্যায়ে স্বীকার করে ভিকটিম আব্দুর রাজ্জাক কবিরাজি চিকিৎসা দেওয়ার নামে তার সম্ভ্রমহানি করেছে। পরবর্তীতে একই দিন রাতে আসামি রুবেল তার সহযোগী সোহেল রানাকে সাথে নিয়ে কৌশলে ভিকটিম আব্দুর রাজ্জাককে ডেকে মোটরসাইকেলে তুলে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে রাস্তায় ফেলে দেয়। গত ১ জুন সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরতলার ভান্ডারদহ মাঠে সুবদিয়া গ্রামের কবিরাজ আব্দুর রাজ্জাকের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031