মান্দায় সমবায় দিবসে দ্বৈত সম্মাননা পেল জোতবাজার বণিক সমিত

নওগাঁর মান্দায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেয়েছে জোতবাজার বণিক সমবায় সমিতি লিমিটেড। রোববার (৮ নভেম্বর) ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ড. ইকরামুল বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রশিদ। অনুষ্ঠানে ব্যবসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে জোতবাজার বণিক সমবায় সমিতি লিমিটেডকে নির্বাচিত করা হয়। পাশাপাশি সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবেও প্রতিষ্ঠানটি বিশেষ সম্মাননা অর্জন করে। সমবায় খাতে অবদান, ব্যবসায়িক সাফল্য ও রাজস্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এ ছাড়া সতীহাট কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড সম্মাননা লাভ করে। শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সচেতন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক বিকাশ কুমার মৈত্রেয় এবং শ্রেষ্ঠ সফল উদ্যোক্তা হিসেবে বাঁকাপুর গাড়ল পালন কৃষি সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোছা. আসিয়া খাতুন ও কুশুম্বা মধ্যপাড়া কৃষি সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোছা. আমিনা খাতুনকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ম্যানেজার মোহা. বেদারুল ইসলাম, জোতবাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. আব্দুল মজিদ মন্ডল এবং উপজেলা বণিক সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো.আব্দুল মালেক, বাঁকাপুর গাড়ল পালন কৃষি সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোছা. আসিয়া খাতুন ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে স্বচ্ছতা, জবাবদিহি এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মান্দায় সমবায় দিবসে দ্বৈত সম্মাননা পেল জোতবাজার বণিক সমিত

09 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com