নওগাঁর সাপাহার সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার করমুডাঙা ইটভাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন নব আদাতলা বিওপির একটি টহল দল সীমান্তসংলগ্ন করমুডাঙা ইটভাটা এলাকায় অবস্থান নেয়। পরে টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আমির হোসেনের নেতৃত্বে সেখানে চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ জব্দ করেন বিজিবি সদস্যরা।জব্দ করা সিরাপগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাপাহার থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, গবাদিপশু পাচার, মাদক চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এসব অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সর্বাত্মক অভিযান চালিয়ে যাবে।









