ব্রেকিং নিউজ
সাংবাদিক আলিফ হ’ত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার শেষের দাবি সাপাহার সীমান্তে বিজিবির অভিযান: ১৩৩ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার রাজশাহীতে ১২০ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ ভূমি ব্যবস্থাপনায় সমন্বিত ডিজিটাল পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটিরসেবার গতি ও স্বচ্ছতা বাড়াতে ভূমি ভবন পরিদর্শন, অটোমেশনে জোর পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশসংসদে লাইব্রেরি কমিটির উপকমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় শিবসা নদীতে ভাসমান হাসপাতালের যাত্রা শুরু, ৩ মাস বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন উপকূলের মানুষ
রাজশাহীতে ১২০ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে ১২০ জন উপকারভোগীর মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে।সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনের অষ্টম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) ও রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাস্তবায়িত দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন সহায়তা প্রকল্পের আওতায় ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট দেওয়া হয়। মোট ১২০ জন উপকারভোগীর মধ্যে ১১৫ জন নারী ও ৫ জন পুরুষ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে প্রকল্পটির কার্যক্রম নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের চেষ্টা করা হবে। বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মহীন জনগোষ্ঠীকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করা হবে।তিনি বলেন, শুধু চাকরির আশায় বসে না থেকে বেকার তরুণ-তরুণীরা যাতে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। এ ছাড়া গত ১ নভেম্বর জাতীয় যুব দিবসে তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সরকারের এসব উদ্যোগ বেকারত্ব দূরীকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।রাসিক প্রশাসক বলেন, ইউএনডিপি, সিডকাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় নগরীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই জীবিকা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এসব কার্যক্রম সম্প্রসারণে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।ফুটপাত প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত নাগরিকদের চলাচলের জন্য। ফুটপাত দখলমুক্ত করতে রাসিকের কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনেও উদ্যোগ নেওয়া হচ্ছে।রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি অধ্যাপক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন। বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।এ সময় রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুমসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সিডিসির নেতৃবৃন্দ ও সদস্য এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপকারভোগীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি। তাঁরা বলেন, এসব সহায়তা সরঞ্জাম তাঁদের আয়ের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং জীবিকা নির্বাহে সহায়তা করবে। এর মাধ্যমে তাঁরা নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবেন। সহায়তা প্রদানের জন্য তাঁরা রাসিক প্রশাসকসহ প্রকল্পসংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাস্তবায়িত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (LSUPCB) প্রকল্পের আওতায় গত এক বছরে রাজশাহী মহানগরীর ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের স্বকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

রাজশাহীতে ১২০ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com