দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালুর সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে ভূমি-সংশ্লিষ্ট সব দপ্তরের কার্যক্রমে অটোমেশন সফটওয়্যারের ব্যবহার বাড়ানো এবং ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাইজ করার ওপর গুরুত্বারোপ করেছে কমিটি।
সোমবার (২ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান, এমপির সভাপতিত্বে কমিটির সদস্যরা ভূমি ভবন পরিদর্শন করেন।
এ সময় কমিটির সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এমপি, সুলতানা আহমেদ, এমপি এবং মুহাম্মদুল্লাহ, এমপি উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভূমি ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভূমি অফিস, ভূমি নিবন্ধন অফিস এবং উপজেলা সেটেলমেন্ট অফিসের কার্যক্রম ইলেকট্রনিক পদ্ধতিতে সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। এর ফলে ভূমি-সংক্রান্ত বিভিন্ন তথ্য হালনাগাদ করা এবং প্রয়োজনীয় তথ্য পাওয়া সহজ হচ্ছে।
পরিদর্শনকালে ভূমি-সংক্রান্ত সেবাগুলো আরও গতিশীল ও সহজলভ্য করার সুপারিশ করে সংসদীয় কমিটি। সুপারিশের মধ্যে রয়েছে রেকর্ড সংশোধন ও হালনাগাদকরণ, ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণ, রেকর্ড সার্টিফিকেট মামলা, ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন কর এবং রেন্ট সার্টিফিকেট মামলার কার্যক্রম আরও কার্যকর করা।
কমিটির সভাপতি সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি চলমান অটোমেশন সফটওয়্যার কার্যকরভাবে ব্যবহারের মাধ্যমে ভূমি-সংশ্লিষ্ট সব দপ্তরের কার্যক্রমে গতি ও স্বচ্ছতা বাড়ানোর পরামর্শ দেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করে ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনা সম্পূর্ণ ডিজিটাইজ করার মাধ্যমে ত্রুটিমুক্ত, জনবান্ধব, টেকসই ও জনকল্যাণমুখী আধুনিক ভূমি জরিপ ও প্রশাসনব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করে কমিটি।
এ ছাড়া আন্তর্জাতিক সীমানা নির্ধারণের ক্ষেত্রে অনিষ্পন্ন সীমানা বিরোধ নিষ্পত্তি, ট্রাভার্স ও প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন, মানচিত্র প্রস্তুত এবং কিস্তোয়ার পর্যায়ের সীমানা বিরোধ নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত নকশা ও খতিয়ান মুদ্রণের সুপারিশ করা হয়।
পরিদর্শনকালে ভূমি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









