দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বোরহান উদ্দিনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) আলমডাঙ্গা উপজেলা বিএনপির জরুরি সাংগঠনিক সিদ্ধান্তে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন স্বাক্ষরিত এবং উপজেলা বিএনপির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিগত কিছুদিন ধরে মো. বোরহান উদ্দিনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত, অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দলীয়ভাবে জানানো হয়েছে। মাদক কারবার ও সেবনের মতো সামাজিক ব্যাধি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গঠনতন্ত্র অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এখন থেকে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁর ব্যক্তিগত কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর মাদকসহ আটক হন নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বোরহান উদ্দিন। এর কয়েক দিন পরই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হলো।









