উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় একটি বাড়ির জানালার গ্রিল কেটে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা, ক্যামেরাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
রোববার (১ নভেম্বর) ভোররাতে নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় ইঞ্জিনিয়ার মানিক কুমার বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে মৃত সুধীর কুমার বিশ্বাসের ছেলে মানিক কুমার বিশ্বাসের বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে পুরো বাড়িতে লুটপাট চালায়। এ সময় বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, ক্যামেরাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায় ডাকাতরা।
মানিক কুমার বিশ্বাসের বড় ভাই ও বাড়ির মালিক সমর কুমার বিশ্বাস বলেন, ভোররাতে ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা, ক্যামেরা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মানিক কুমার বিশ্বাসের মেয়ের জামাতা রূপক সেন বলেন, বিভিন্ন জেলায় বসবাসরত পরিবারের সদস্যরা দুর্গাপূজা উপলক্ষে এ বাড়িতে একত্রিত হয়েছিলেন। উৎসবে ব্যবহারের জন্য পরিবারের সদস্যদের কাছে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিল। ডাকাতরা বাড়ির সব কক্ষ থেকে সেসব মালামাল লুট করে নিয়ে গেছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাবে।









