চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির ত্রিবার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আরেফিন মিয়া মিলন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া।
শনিবার (৩১ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হন আরেফিন মিয়া মিলন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান পেয়েছেন ৪৩৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন মিয়া। তাঁর প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ-আল মামুন বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৫০৩ ভোট।
এদিকে, সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইফতেখার আহমেদ ও হাজী মো. রফিকুল ইসলাম। সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম ও সাইদুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে জয়লাভ করেছেন বেলাল হুসাইন।
সাংগঠনিক সম্পাদক পদে রাশিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৭২১ ভোট পেয়েছেন। এছাড়া ধর্ম সম্পাদক পদে আনিসুর রহমান, দপ্তর সম্পাদক পদে শফিউল আলম মিলন এবং ক্রীড়া সম্পাদক পদে মাসুদ রানা মাসুম নির্বাচিত হয়েছেন।
সমিতির ১০টি সদস্য পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০ জন। তাঁরা হলেন—মো. আ. ওহাব কাবলূ, মো. আ. সাত্তার মিয়া, মো. আ. রব, মো. আল আমিন, মো. গোলাম মোস্তফা, মো. জয়নাল আবেদীন, এ এইচ এম মোয়াজ্জেম, রেজাউল হক তোতা, রাশেদ কায়ছার ও খো. সজিব।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাংকার শহিদুল ইসলাম। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক। ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করে আলমডাঙ্গা থানা পুলিশ।
নির্বাচনের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব পেল আলমডাঙ্গা বণিক সমিতি। নবনির্বাচিত কমিটি এ সময়কালে আলমডাঙ্গার ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবে।









