রাত পোহালেই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির ত্রিবার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শেষ মুহূর্তে চলছে প্রচার-প্রচারণা, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং নানা হিসাব-নিকাশ।প্রধান নির্বাচন কমিশনার শহিদুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে ইতোমধ্যে ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে কার্যকরী পরিষদের সদস্য পদে ১০ জন এবং সহসভাপতি পদে দুজন রয়েছেন।অন্যদিকে, বাকি আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। এসব পদে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ধর্মীয় সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসাধারণ সম্পাদক পদে দুজন নির্বাচিত হবেন। বাকি পদগুলোতে একজন করে নির্বাচিত হবেন। ফলে আটটি পদে মোট নয়জন প্রতিনিধি নির্বাচিত হবেন।নির্বাচনে একজন ভোটার মোট নয়টি ভোট দিতে পারবেন। এর মধ্যে সভাপতি পদে একটি, সাধারণ সম্পাদক পদে একটি, সহসাধারণ সম্পাদক পদে দুটি, সাংগঠনিক সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, দপ্তর সম্পাদক পদে একটি, ধর্মীয় সম্পাদক পদে একটি এবং ক্রীড়া সম্পাদক পদে একটি ভোট দিতে পারবেন। অর্থাৎ আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা হলেও সহসাধারণ সম্পাদক পদে দুটি ভোট দেওয়ার সুযোগ থাকায় ভোটারপ্রতি মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে নয়টি।সম্ভাব্য ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত আলমডাঙ্গা বণিক সমিতি চুয়াডাঙ্গা জেলার অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংগঠন। বর্তমানে এ সমিতির সদস্যসংখ্যা ১ হাজার ২০৯ জন। উপজেলার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছে।এবারের নির্বাচনে নতুন কার্যকরী পরিষদের নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে ব্যবসায়ী মহলে চলছে নানা আলোচনা। ১ হাজার ২০৯ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই আগামী তিন বছরের জন্য বণিক সমিতির দায়িত্ব অর্পিত হবে।সব মিলিয়ে রাত পোহালেই আলমডাঙ্গার ব্যবসায়ী সমাজের বহুল প্রতীক্ষিত নির্বাচন। এখন অপেক্ষা ভোটগ্রহণ, ভোট গণনা এবং নতুন নেতৃত্ব নির্বাচনের চূড়ান্ত ফলাফলের।









