টেকনাফে বিদেশি পিস্তল, গুলি ও কিরিচসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের টেকনাফে পুলিশের অস্থায়ী চেকপোস্টে একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। একই সঙ্গে তাঁদের ব্যবহৃত নোহা গাড়িটি জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেদা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব লেদা এলাকায় সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় টেকনাফগামী একটি নোহা গাড়িকে থামার সংকেত দেওয়া হলে চালক ও সামনের আসনে থাকা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। পরে গাড়ির পেছনের দরজা খুলে পালানোর চেষ্টা করলে পুলিশ চারজনকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার বেলাল উদ্দিন (৪৮), হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার মাহাবুবুর রহমান মাহবুব (৩১), খারাংখালী-পশ্চিম মহেষখালীয়া পাড়ার মো. রিশাদ (২৪) এবং হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার আব্দুল্লাহ (২৫)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের ব্যবহৃত নোহা গাড়িটি জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁদের বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলেও দাবি পুলিশের। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বলে পুলিশ জানিয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

টেকনাফে বিদেশি পিস্তল, গুলি ও কিরিচসহ গ্রেপ্তার ৪

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com