চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার বদলিজনিত কারণে আলমডাঙ্গায় তাঁর দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন। গত ১৪ মে ছিল তাঁর শেষ কর্মদিবস। দায়িত্ব হস্তান্তর শেষে তিনি আলমডাঙ্গাবাসীর উদ্দেশ্যে এক আবেগঘন বিদায় বার্তা প্রদান করেনবিদায় বার্তায় তিনি বলেন, মহান আল্লাহর অশেষ রহমত এবং আলমডাঙ্গাবাসীর আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় তিনি প্রায় পাঁচ মাস আলমডাঙ্গা উপজেলায় দায়িত্ব পালন করেছেন। অল্প সময়ের দায়িত্বকাল হলেও জাতীয় নির্বাচন, উপজেলা ও পৌরসভার আওতাধীন হাটবাজার ইজারা কার্যক্রম, জ্বালানি সংকট মোকাবিলা, মাদক নির্মূল অভিযান, ভূমি সেবার উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করার সুযোগ পেয়েছেন।তিনি আরও বলেন, দাপ্তরিক দায়িত্ব পালনে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করেছেন প্রশাসনের সহকর্মীরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ, সুশীল সমাজ ও সর্বস্তরের সাধারণ মানুষ। আলমডাঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য ও এখানকার মানুষের আন্তরিকতা তাঁকে মুগ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।পান্না আক্তার বলেন, “অনেক পরিকল্পনা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সব কাজ শেষ করতে পারিনি। দায়িত্ব পালনের সময়ে আমার অনিচ্ছাকৃত ভুল-ত্রুটির জন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আলমডাঙ্গার মাটি, মানুষ ও স্মৃতি আজীবন আমার হৃদয়ে গেঁথে থাকবে।”তিনি জানান, পরবর্তী কর্মস্থল হিসেবে তাঁকে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে। পারিবারিক কারণে এ বদলি তাঁর জন্য প্রয়োজন ছিল বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের জন্য আলমডাঙ্গাবাসীর কাছে দোয়া কামনা করেন।বিদায় বেলায় ইউএনও পান্না আক্তারের এই আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং আলমডাঙ্গায় তাঁর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।









