গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের সময় দুই ঘণ্টা সেবা বন্ধ রাখা এবং উপ-পরিচালকের সময়মতো অফিসে না আসার অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাগেরহাট দুদকের উপ-পরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে একটি টিম পাসপোর্ট অফিসে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা এবং বিভিন্ন কাগজপত্র ও সেবা কার্যক্রম খতিয়ে দেখেন।সেবা নিতে আসা ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, পাসপোর্ট করতে এসে তাদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন সেবাপ্রার্থী। এছাড়া সেবা নিতে এসে কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।আরও অভিযোগ রয়েছে, দুপুরের খাবারের অজুহাতে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। পাশাপাশি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালকের সময়মতো অফিসে না আসার অভিযোগও উঠেছে।এদিকে অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে।অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন দুদকের এ কর্মকর্তা,তিনি আরো বলেন অভিযোগগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে যে সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে তা দুদকের প্রধান কার্যালয়ে পাঠানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা,,








