খন্দকার শাহ আলম মন্টু: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের চিহ্নিত করা এবং সম্ভাবনাময় উদ্যোগে অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে লায়লা কনভেনশন হলরুমে আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে কার্যরত বিভিন্ন ব্যাংকের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আলামডাঙ্গা কোটপাড়ার ইমাম মাওলানা হাসমত উল্লাহর কোরআন তেলাওয়াত ও ফুলের শুভেচ্ছা বিনিময় শেষে অনুষ্ঠান শুরু হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শামীম রেজা লিংকন, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি যুগ্ম পরিচালক আল মেহেদী হাসান এবং ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক তকিয়ার রহমান।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংকের এজিএম ও শাখা ব্যবস্থাপক আনিছুর রহমান। ইসলামী ব্যাংকের এসপিও মো. শাহাবুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা মেহেরুন নেছা, সাদিয়া আফরোজ, খাদিজা একরাম এশা, রহিমা খাতুন এবং উদ্যোক্তা শেখ নাসিফ উজ জামান, জুয়েল রানা, রোহান হক ও জীবন প্রমুখ।বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তাদের সম্ভাবনাময় উদ্যোগ চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা, ব্যাংকিং সহায়তা ও অর্থায়নের সুযোগ তৈরি করা গেলে তাঁরা নিজেদের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করতে পারবেন। এ ক্ষেত্রে ব্যাংকগুলোর সহযোগিতা ও সহজ শর্তে অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করে তাঁদের উদ্যোগ সম্প্রসারণে অর্থায়নের সুযোগ তৈরির প্রত্যাশা ব্যক্ত করা হয়।









