নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ নম্বরবিহীন সিএনজি


নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মাদক ও অন্যান্য আলামতের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৪ হাজার টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কের হরিনগর ফেনারগাতি এলাকায় মেসার্স আব্দুস সাত্তার এন্টারপ্রাইজের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. মনির উদ্দিন (৩৫) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর গ্রামের মো. আখের উদ্দিনের ছেলে মো. শাহ আলম।
ডিএনসি সূত্র জানায়, উদ্ধার করা গাঁজা আকাশি রঙের পলিথিনে মুড়িয়ে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ১৭টি পোটলায় রাখা ছিল। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া নম্বরবিহীন সবুজ রঙের একটি সিএনজিচালিত অটোরিকশা, যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা এবং আইটেল ও সিম্ফনি ব্র্যান্ডের দুটি মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা, জব্দ করা হয়েছে।
সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৪ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে সংস্থাটি। একই সঙ্গে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ নম্বরবিহীন সিএনজি

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com