আলমডাঙ্গায় নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

খন্দকার শাহ আলম মন্টু: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট মডেল স্কুলের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম ও প্রতিষ্ঠানের পরিচালক জাকারিয়া হিরোর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা আলিফ উদ্দিন রোড মোড়ে অভিভাবক ও সচেতন আলমডাঙ্গাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক জেসমিন আরা খাতুন প্রভা, ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, সমাজকর্মী শরিফুল ইসলাম পিন্টু, কামরুল হাসান কাজল, তাইফু, রাকিবুল ইসলাম, সাদ্দাম খান, সোহাগ আলী, রাশেদুল ইসলাম, খন্দকার আব্দুল কাদের, মমিন উদ্দিন, মুসাব ও মুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশ থেকে প্রশাসনের কাছে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:
১. অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা।
২. ঘটনার পৃষ্ঠপোষকতার অভিযোগে স্কুল কর্তৃপক্ষের দায় নিরূপণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৩. প্রতিষ্ঠানে সংঘটিত এ ধরনের অনিয়ম ও অপকর্ম তদন্ত করে পরিচালক জাকারিয়া হিরোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার জায়গা। সেখানে কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলাম ও প্রতিষ্ঠানের পরিচালক জাকারিয়া হিরোকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশটি সার্বিকভাবে পরিচালনা করেন সমাজকর্মী আব্দুর রশিদ মঞ্জু।
এদিকে, এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, নারী শিক্ষার্থীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরপরই অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com