চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দুটি বেসরকারি ক্লিনিকে যৌথ অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ নভেম্বর) উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই ক্লিনিক দুটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। প্রয়োজনীয় নিয়মনীতি অনুসরণ না করে ক্লিনিকগুলোতে অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অভিযানে বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যসেবা পরিচালনার নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে কার্পাসডাঙ্গা বাজারের আরও কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র এবং অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখে স্বাস্থ্য বিভাগের পরিদর্শক দল।
প্রশাসন সূত্রে জানা গেছে, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো যাতে সরকারি নিয়মনীতি মেনে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করে, সে লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।









