বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তেজগাঁওয়ে অবস্থিত নিজস্ব জমিতে নতুন সদর দপ্তর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ডিপিপি (DPP) প্রণয়ন এবং প্রস্তাবিত ভবনের নকশা ও ডিজাইন (Drawing and Design) চূড়ান্তকরণ নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব জমিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সদর দপ্তর নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন এবং ভবনের নকশা ও ডিজাইন-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।নতুন সদর দপ্তর নির্মিত হলে বাহিনীর প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আরও আধুনিক ও সমন্বিত পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।









