৩টি ট্যাবলেট উদ্ধার, ৫০০ টাকা জরিমানা; অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মনোয়ার বিশ্বাস (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে গত ২ নভেম্বর রাত ৯টা ৫০ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌর এলাকার বাবু কমিশনারের বাড়ির সামনে পাকা সড়কে বিশেষ অভিযান চালায় থানা-পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। এ সময় তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মনোয়ার বিশ্বাসকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর (স্কুলপাড়া) গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৩৬(৫) ধারায় সামারি ট্রায়াল প্রসিকিউশন (নম্বর-১৫১, তারিখ: ৩ নভেম্বর) দায়ের করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত মনোয়ার বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।









