সংসদীয় কার্যক্রমে তথ্য-প্রমাণভিত্তিক সিদ্ধান্ত ও এআই ব্যবহারের ওপর গুরুত্বসংসদীয় কমিটির কার্যকর তদারকি, সরকারি জবাবদিহিতা এবং তথ্য-প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কর্মকর্তাদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, সুইজারল্যান্ড দূতাবাস এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর Strengthening Institutions, Policies and Services (SIPS) প্রকল্পের সহযোগিতায় গত ২৬ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত দুই ব্যাচে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ‘সংসদীয় কমিটির তদারকি জোরদার: কার্যপ্রণালি থেকে বাস্তব প্রয়োগ’ শীর্ষক এ কর্মসূচির প্রতিটি ব্যাচে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।সংসদীয় স্থায়ী কমিটির সচিব ও কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এ ওরিয়েন্টেশনে কমিটির কার্যক্রম পরিকল্পনা ও প্রস্তুতি, তদারকি কার্যক্রম পরিচালনা, তথ্য-প্রমাণ পর্যালোচনা, পর্যবেক্ষণ ও সুপারিশ নথিভুক্তকরণ, প্রতিবেদন প্রণয়ন এবং সরকারি কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংসদীয় কার্যক্রমের দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হয়।ওরিয়েন্টেশনের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া সংসদীয় তদারকি কার্যক্রম আরও কার্যকর করতে গবেষণাভিত্তিক প্রস্তুতি, পেশাদারিত্ব, যথাযথ আচরণবিধি এবং প্রাতিষ্ঠানিক শিষ্টাচার অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগের মাধ্যমে সংসদীয় কমিটির কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর তদারকি জোরদারেও কর্মকর্তারা আরও দক্ষ ভূমিকা রাখতে পারবেন।









