মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা, আদালতে সোপর্দ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে মিজানুর মালিথা ওরফে লিজু মালিথা (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন আইনে মোট ১১টি মামলার রেকর্ড রয়েছে। এ ছাড়া তাঁর নামে একটি সাধারণ ডায়েরির (জিডি) তথ্যও পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গত ৩ নভেম্বর রাত ১১টা ১০ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) এসএম নিয়ামুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ডামোস অটোমিলের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার মিজানুর মালিথা আলমডাঙ্গা উপজেলার ডামোস গ্রামের মৃত হবিবার ওরফে হবি মালিথার ছেলে। থানা পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর মিজানুর মালিথার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক), ৪০ ও ৪১ ধারায় মামলা করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৪ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে আরও ১০টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা থানায় মাদকদ্রব্য এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একাধিক মামলা রয়েছে। পাশাপাশি তাঁর নামে একটি সাধারণ ডায়েরির (জিডি) তথ্যও রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।









