প্রসবজনিত জটিলতায় দ্রুত হাসপাতালে নেওয়ার পথে মানবিক সহায়তা, সুস্থ রয়েছেন মা ও নবজাতকবান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তায় হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারী। পরে মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তাঁরা দুজনই সুস্থ রয়েছেন। সোমবার (২ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রুমা উপজেলার সুনসুং পাড়ায় ওই নারী প্রসবজনিত জটিলতার সম্মুখীন হন। এ অবস্থায় স্থানীয় কারবারির অনুরোধে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল জরুরি ভিত্তিতে তাঁকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে নিয়ে রওনা হয়। পথে মুনলাই পাড়ার কাছে পৌঁছালে সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। এ সময় তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি একজন অভিজ্ঞ ধাত্রী উপস্থিত ছিলেন। পরে সেনাবাহিনীর সদস্যরা মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। তাৎক্ষণিক এই মানবিক সহায়তায় প্রাণে রক্ষা পাওয়ায় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত ভূমিকা রেখে চলেছে। দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি স্বাস্থ্যসেবায় এমন সহায়তা স্থানীয় মানুষের কাছে সেনাবাহিনীর মানবিক দায়িত্ববোধের দৃষ্টান্ত হয়ে উঠেছে।









