চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন

জরিমানা ৫ হাজার টাকা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড
চুয়াডাঙ্গা সদর উপজেলার কানাপুকুর পাড়ায় অভিযান চালিয়ে ১০১ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় মো. জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (৪ নভেম্বর) চুয়াডাঙ্গার স্পেশাল কোর্ট অব সেশনস ও ফ্যামিলি অ্যাপিলেট কোর্টের বিচারক এবং জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৩ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানার একাডেমি মোড় থেকে আলমডাঙ্গাগামী সড়কের কানাপুকুর পাড়ায় মতিন মেডিকেল সেন্টারের পশ্চিম পাশে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে জালাল মালিথাকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১০১ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত জালাল মালিথাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা সদর উপজেলার কানাপুকুর এলাকার বাসিন্দা।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শামিম রেজা ডালিম জানান, মাদক মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com