দামুড়হুদায় জিপিএ-৫ পাওয়া দুই ছাত্রীকে সংবর্ধনা দিল আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ

এইচএসসি (বিএমটি) পরীক্ষায় কৃতিত্ব অর্জন, ফুল ও ডায়েরি দিয়ে সম্মাননা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি (বিএমটি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃতী দুই ছাত্রীর হাতে ডায়েরি ও ফুল তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।
কলেজ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি (বিএমটি) পরীক্ষায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ থেকে মোট ৯৬ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪১ জন। পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ। এ ছাড়া দুই শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেন।
জিপিএ-৫ পাওয়া দুই ছাত্রী হলেন দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কামরুজ্জামানের মেয়ে হাসি খাতুন এবং নতুন বাস্তপুর গ্রামের শারমিন আক্তার রুশি।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহেনা খাতুনসহ প্রতিষ্ঠানের সব শিক্ষক।
অনুষ্ঠানে রফিকুল হাসান তনু বলেন, শিক্ষার্থীদের নিয়মিত কলেজমুখী করতে তিনি ও শিক্ষকেরা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসা বন্ধ করা হয়েছে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে উৎসাহিত করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে এবার সন্তোষজনক ফলাফল অর্জিত হয়েছে এবং দুই শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
তিনি আরও বলেন, আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে সবাই সম্মিলিতভাবে কাজ করছেন। শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দামুড়হুদায় জিপিএ-৫ পাওয়া দুই ছাত্রীকে সংবর্ধনা দিল আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com