চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে তিনি ইউনিয়নের পাঁচটি গ্রামে গিয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় এবং এলাকার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।গণসংযোগকালে সংসদ সদস্য আসাননগর, নওদাপাড়া, শ্রীরামপুর, জগন্নাথপুর ও রেল জগন্নাথপুর গ্রাম পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও জনদুর্ভোগের বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। সংসদ সদস্য মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এলাকার সমস্যাগুলো সমাধান ও সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “মানুষের সেবা করা এবং এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরুব্বি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।









