জনপ্রতিনিধিদের অপেক্ষা নয়, স্বেচ্ছাশ্রমে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন তরুণরা

ওমর ফারুক আহম্মদ, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি কাঁচা সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন স্থানীয় তরুণেরা। স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য কেফায়েত হোসেন কাঞ্চনের উদ্যোগে কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের অংশগ্রহণে নিজস্ব অর্থায়নে এ সংস্কারকাজ করা হয়। এতে দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা কমেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা যায়, বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর পাকা সড়ক থেকে বড়ইউন্দ বাজার হয়ে গনাই নদী ও রেকার হাওরের ঈসারবাড়ি খালের সংযোগস্থল পর্যন্ত বিস্তৃত কাঁচা সড়কটির প্রায় ২০০ ফুট অংশ এবারের বন্যায় ভেঙে যায়। এতে ইউনিয়নের ১০ থেকে ১২টি গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের। একপর্যায়ে নিজ উদ্যোগে সড়কটি সংস্কারের সিদ্ধান্ত নেন যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা কেফায়েত হোসেন কাঞ্চন। এবারের পূজার ছুটিতে বাড়িতে আসা কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের সঙ্গে নিয়ে তিনি স্বেচ্ছাশ্রমে এবং নিজস্ব অর্থায়নে প্রায় দুই কিলোমিটার সড়কে মাটি ভরাট ও সংস্কারকাজ করেন।দীর্ঘদিনের দুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসীস্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন গ্রামের মানুষ যাতায়াত করেন। বিশেষ করে অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার সময় চরম ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টির সময় সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ায় যানবাহনের চাকা আটকে যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এ সড়কে রোগী পরিবহনে মারাত্মক বিড়ম্বনার পাশাপাশি ছোট যানবাহন উল্টে গিয়ে হতাহতের ঘটনাও ঘটেছে।তরুণদের উদ্যোগে সড়কটির সংস্কার ও মাটি ভরাটের ফলে আপাতত চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে স্থায়ী সমাধানের জন্য সড়কটি টেকসইভাবে সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।যা বলছেন এলাকাবাসীবড়ইউন্দ বাজারের ব্যবসায়ী লিটন মিয়া, স্থানীয় বাসিন্দা মোহন ও রিকশাচালক রুকন মিয়া বলেন, “আমাদের সড়কটি কয়েকটি গ্রামের মানুষের চলাচলের প্রধান পথ। দীর্ঘদিন ধরে এটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এবারের বন্যায় আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও সড়কটি সংস্কার করা হয়নি। কাঞ্চনের উদ্যোগে এলাকার তরুণেরা স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করেছেন। এতে আমাদের দুর্ভোগ অনেকটাই কমবে।”উদ্যোক্তা কাঞ্চনের বক্তব্যকেফায়েত হোসেন কাঞ্চন বলেন, “আমাদের এলাকার এই কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আমি এলাকার তরুণদের সঙ্গে নিয়ে নিজস্ব অর্থায়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমাদের এলাকার রাস্তাঘাটের উন্নয়নে নিজেদেরও উদ্যোগী হতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।”টেকসই সংস্কার ও পাকাকরণের দাবিএদিকে, সড়কটির কারণে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সরকারি উদ্যোগে দ্রুত টেকসই সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।স্থানীয়দের প্রত্যাশা, তরুণদের এই স্বেচ্ছাশ্রমের উদ্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে এবং জনদুর্ভোগ কমাতে সড়কটি স্থায়ীভাবে সংস্কার ও পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জনপ্রতিনিধিদের অপেক্ষা নয়, স্বেচ্ছাশ্রমে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন তরুণরা

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com