চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছিনতাইয়ের ঘটনার একদিন পর পরিত্যক্ত অবস্থায় চাবিসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার আলমপুর তিন রাস্তার মোড়ের পশ্চিম দিকে প্রায় ৫০০ গজ দূরে একটি আমবাগান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার ২ নম্বর গোহালবাড়ী ইউনিয়নের তালপল্লী সড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান শুরু করে ভোলাহাট থানা পুলিশ।এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে তালপল্লী এলাকার পাশের খালসংলগ্ন আলমপুর তিন রাস্তার মোড়ের পশ্চিম দিকে একটি আমবাগানে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে পুলিশ। পরে সেখান থেকে মোটরসাইকেলটি চাবিসহ উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এদিকে, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।








