চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা অভিযান এবং নিজ অর্থায়নে ডাস্টবিন স্থাপন কার্যক্রম পরিচালনা করেছেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাঃ হাসিবুল হক লিপু। শুক্রবার (২৩ অক্টোবর) আলমডাঙ্গার হাইরোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। হাসিবুল হক লিপুর উদ্যোগে এবং লিপু সমর্থক গোষ্ঠীর আয়োজনে পরিচালিত এ কর্মসূচিতে সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়। ডাস্টবিন স্থাপনের ব্যয় হাসিবুল হক লিপু নিজেই বহন করছেন বলে আয়োজকেরা জানান।
কর্মসূচিতে লিপু সমর্থক গোষ্ঠীর সদস্য খ. হাবিবুল করিম চঞ্চল, খন্দকার আব্দুল কাদের, হুমায়ুন চৌধুরী, আবির আনম, আলমগীর হোসেন, আসাদুজ্জামান বাবু, মুকুল হোসেন, আবু সায়েম লিপু, মফিজুল ইসলাম, শাওন পারভেজ, মোমেনুল হক অঙ্কন ও নাসির হোসেনসহ একদল স্বেচ্ছাসেবী এবং পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন।
এ সময় পৌর এলাকার বাসিন্দাদের বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা এবং নির্ধারিত ডাস্টবিনে বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়।
আয়োজকেরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিক অংশগ্রহণও জরুরি।
জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং পরিচ্ছন্ন পৌর এলাকা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।








