চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩৬ হাজার টাকা।বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর অধীন চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০১/২২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় হান্নান নামের এক ব্যক্তির আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।তিনি আরও জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে মাদক ও যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।









