চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ সামনে রেখে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ভোটারদের সমর্থন আদায়ে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে গণসংযোগ করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় দপ্তর সম্পাদক পদপ্রার্থী এম সনজু আহমেদ টিয়া পাখি প্রতীকে ভোট চেয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার বাদুমাজু, আলমডাঙ্গা পৌর কাঁচাবাজার, হাজী মোড়, মুরগির হাট, মাংস বাজার, চালপট্টি, গার্মেন্টসপট্টি ও আলিফ উদ্দিন রোড এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গণসংযোগ করেন তিনি।
এ সময় ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও বণিক সমিতির কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন এম সনজু আহমেদ। একই সঙ্গে আসন্ন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে টিয়া পাখি প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য ব্যবসায়ী ভোটারদের প্রতি আহ্বান জানান।
গণসংযোগকালে তিনি ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ ও প্রত্যাশার কথা শোনেন। নির্বাচিত হলে সমিতির দাপ্তরিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল করা, প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং সদস্যদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।
এম সনজু আহমেদ বলেন, বণিক সমিতি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এ সংগঠনের দাপ্তরিক কার্যক্রম স্বচ্ছ, সুশৃঙ্খল ও গতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। নির্বাচিত হলে সদস্যদের তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ, দাপ্তরিক কাজে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় জোরদারে কাজ করতে চান তিনি। এ জন্য তিনি ব্যবসায়ী ভোটারদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।
এম সনজু আহমেদ আলমডাঙ্গা বণিক সমিতির সদস্য, সনজু ফার্নিচারের স্বত্বাধিকারী এবং আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা, সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
এদিকে নির্বাচন সামনে রেখে আলমডাঙ্গার বিভিন্ন বাজার ও ব্যবসায়িক এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারণা ও তৎপরতা বেড়েছে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, মতবিনিময় এবং নিজেদের পরিকল্পনা তুলে ধরে সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। এতে স্থানীয় ব্যবসায়ী মহলেও নির্বাচন নিয়ে আলোচনা বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা বণিক সমিতি সম্ভাব্য ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সমিতির সদস্যসংখ্যা ১ হাজার ২০৯ জন বলে জানা গেছে। চুয়াডাঙ্গা জেলার অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংগঠন হিসেবে পরিচিত এ সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা।









