গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়
মাগুরার শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’। গ্রামীণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হাসপাতালটির উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দুর্গাপুর গ্রামে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মাহবুবুর রহমান মঞ্জু।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ মো. মনোয়ার হোসেন খান। ট্রাস্টের সহসভাপতি মাহাফুজুর রহমান পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের উদ্যোক্তা ডা. তানভীর রহমান রাজন।আলোচনা সভায় মরহুম আব্দুল মালেক বিশ্বাসের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন মো. বেনজির রহমান।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. মনোয়ার হোসেন খান এমপি বলেন, “গ্রামীণ এলাকায় এমন আধুনিক ট্রাস্ট হাসপাতাল প্রতিষ্ঠা স্থানীয় জনগণের চিকিৎসাসংক্রান্ত ভোগান্তি কমাতে অগ্রণী ভূমিকা রাখবে। অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ট্রাস্টের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মো. নওশের আলী। এ ছাড়া এলাকার শিক্ষাবিদদের পক্ষে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ কাজী ওলি রহমান। তিনি মরহুম কাজী ফয়জুর রহমানের পুত্র এবং বিডিআর বিদ্রোহে নিহত কর্নেল রবি রহমানের ছোট ভাই।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও মো. আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সী রেজাউল করিম, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ এবং ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেলসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মরহুম আব্দুল মালেক বিশ্বাসের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও স্মৃতিকে ধরে রাখা এবং স্থানীয় মানুষের কাছে চিকিৎসাসেবা সহজলভ্য করার উদ্দেশ্যে ট্রাস্টের উদ্যোগে হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে।আলোচনা সভা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের পর হাসপাতালের উদ্বোধনী ফলক উন্মোচন করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।স্থানীয়দের প্রত্যাশা, হাসপাতালটি চালুর ফলে শ্রীপুর উপজেলার দুর্গাপুর ও আশপাশের গ্রামের মানুষ সহজে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন এবং গ্রামীণ স্বাস্থ্যসেবার প্রসারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









