এম সনজু আহমেদ, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন। পূজার আনুষ্ঠানিকতা থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনিকভাবে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় রথ তলা সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।পরিদর্শনকালে শরীফুজ্জামান শরীফ বলেন, দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়। সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রতিমা বিসর্জন পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তিনি আশ্বস্ত করেন।এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবের বাকি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে উৎসব উদ্যাপনের আহ্বান জানান তিনি।মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদানসহ বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সহযোগিতার জন্য তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু ও মেয়র পদপ্রার্থী মীর উজ্জ্বলসহ দলীয় নেতৃবৃন্দ।এ ছাড়া মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সার্বিক সহযোগিতার আশ্বাসের মধ্য দিয়ে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহমর্মিতার বার্তা তুলে ধরেন শরীফুজ্জামান শরীফ।









