তৌহিদ, মাগুরা প্রতিনিধি:
ফরিদপুরের কানাইপুরে মাগুরা-ফরিদপুর সড়কের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক, ইজিবাইক ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে মাগুরার সুমি বেগম (৩২) ও তাঁর সাত বছর বয়সী ছেলে শাওন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সুমি বেগমের স্বামী পলাশ (৩৮) গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইক ও প্রাইভেট কারের ওপর আছড়ে পড়লে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুমি বেগম ও তাঁর ছোট ছেলে শাওন গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনায় সুমি বেগমের স্বামী পলাশসহ আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত সুমি বেগমের বাবার বাড়ি মাগুরার আলোকদিয়া এলাকায়। তাঁর স্বামীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। পরিবারের সদস্যদের নিয়ে তাঁরা ঢাকায় বসবাস করতেন। সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে মাগুরায় বাবার বাড়ি আলোকদিয়ায় বেড়াতে এসেছিলেন সুমি বেগম।মর্মান্তিক এ দুর্ঘটনায় মা ও ছেলেকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। পাশাপাশি ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।








