স্টাফ রিপোর্টার: শাকিল আহমেদ
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাটখোলা বাজার এলাকায় দ্রুতগতির সিডি পরিবহনের একটি বাসের ধাক্কায় পাখিভ্যানের চালকসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কিউট কোম্পানির কয়েকজন কর্মী স্থানীয় একটি মার্কেটে দাপ্তরিক কাজ শেষে পাখিভ্যানে করে চুয়াডাঙ্গা শহরের দিকে ফিরছিলেন। পথে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁদের বহনকারী পাখিভ্যানটি ডিঙ্গেদহ হাটখোলা বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী সিডি পরিবহনের একটি দ্রুতগতির বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।এতে পাখিভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ তিনজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম আহতদের চিকিৎসা দেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মো. আমির হোসেন (৪৫), পিতা মৃত হামিদ। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।দুর্ঘটনার ফলে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।









