জীবননগরের বাঁকায় হামলা: আহত জামায়াত নেতা মফিজুরকে দেখতে অরোরা হাসপাতালে ডা. শফিকুর রহমান
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে সংঘটিত হামলায় গুরুতর আহত জামায়াত নেতা মোঃ মফিজুর রহমানকে দেখতে ঢাকার কাকরাইলে অবস্থিত অরোরা হাসপাতালে যান ডা. শফিকুর রহমান।

রোববার (সকাল ১০:৩০টায়) তিনি হাসপাতালে গিয়ে আহত বাঁকা ইউনিয়ন আমীর মোঃ মফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকার পল্টন থানা আমীরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা পরিকল্পিতভাবে রড, চাইনিজ কুড়াল ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা-কর্মীর ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হন।

হামলায় বাঁকা ইউনিয়ন আমীর মোঃ মফিজুর রহমানের বড় ভাই মোঃ হাফিজুর রহমান নিহত হন। এছাড়া মফিজুর রহমানসহ আরও তিনজন গুরুতর আহত হলে তাদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়।

বর্তমানে মোঃ মফিজুর রহমান ঢাকার কাকরাইলের অরোরা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে গিয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ রোগীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় নেতৃবৃন্দ এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি নিহত মোঃ হাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031